খুলনায় বিধিনিষেধ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি
করোনাভাইরাসরে বিস্তার ঠেকাতে খুলনা নগরের তিনটি থানা এলাকা ও রূপসা উপজেলায় কিছু বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ওই সব বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তি জারি করেন।
জেলা পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
কাল ৪ জুন শুক্রবার থেকে ১০ জুন সময় পর্যন্ত খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর থানা এলাকা ও রূপসা উপজেলায় ওই সব বিধিনিষেধ বলবৎ থাকবে। জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত ওই সব এলাকার সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে।
কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় মুদিদোকান বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো কাঁচাবাজার ও মুদিদোকান খোলা রাখা যাবে না। ক্রেতা ও বিক্রেতাদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।
তবে ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। হোটেল-রেস্তোরাঁগুলো পার্সেলকৃত বা প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। সন্ধ্যার পর কোনো রাস্তার মোড়ে বা স্থানে একের অধিক কেউ অবস্থান করা বা একসঙ্গে চলাফেরা করা যাবে না।
এদিকে রূপসা উপজেলার রূপসা খেয়াঘাট এবং আইচগাতি খেয়াঘাট এবং উপজেলার বাজার ও দোকানে জনসমাগম করা যাবে না। উপজেলা সদরের ওষুধ, কাঁচাবাজার এবং খাদ্যসামগ্রীর প্রতিষ্ঠান ব্যতীত সব দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। উপজেলা সদরে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিনিষেধ না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার জেলা পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় খুলনাতে সার্বিকভাবে করোনা নিয়ন্ত্রণে জনবসতিপূর্ণ এলাকা এবং জনসমাগমের স্থানগুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি ছিলেন। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন এবং খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। সভায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, রূপসাতে করোনা সংক্রমণের হার শতকরা ৪ দশমিক ১৮। কিন্তু অন্য উপজেলাতে এই হার শতকরা প্রায় এক ভাগ। এ ছাড়া খুলনা নগরের সদর থানা এলাকায় সংক্রমণ হার শতকরা ৩৫, খালিশপুরে ২৫ ও সোনাডাঙ্গায় এই হার শতকরা ১৭। অন্যান্য স্থানে সংক্রমণের হার নিম্নগামী।
এদিকে চলতি মাসের প্রথম তিন দিনে খুলনায় ৮৪১টি নমুনা পরীক্ষায় ১৯২ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ২৩ শতাংশ। আর খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন ১০০–এর বেশি রোগী ভর্তি থাকছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, খুলনায় করোনা শনাক্তের প্রথম দুই মাসে সংক্রমণের গতি ধীর ছিল। গত বছরের জুনে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। এরপর জুলাই মাসে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেড়ে যায়। আগস্টে সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমে যায়। সেপ্টেম্বর থেকে সংক্রমণ ও মৃত্যু কমতে থাকে। এরপর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পরিস্থিতি একটু উন্নতির দিকে ছিল। এরপর গত এপ্রিল ও মে মাসে সংক্রমণ আবার বাড়তে থাকে। জুন মাসেও তা অব্যাহত আছে।
খুলনা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৩ এপ্রিল নগরের ছোট বয়রার করিম নগরে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭৭ জন। এর মধ্যে খুলনা নগরের রয়েছেন ১৩৯ জন। এ ছাড়া দাকোপ ও কয়রায় ৩ জন করে, রূপসায় ১৫ জন, পাইকগাছায় ৬ জন, বটিয়াঘাটায় ৫ জন, তেরখাদা, দিঘলিয়া ও ডুমুরিয়ায় ২ জন করে মারা গেছেন। গত ১৯ মে থেকে ৩ জুন পর্যন্ত ১৬ দিনে জেলায় মারা গেছেন ১৭ জন।
জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ৪১৯ রোগীর মধ্যে খুলনা নগরেই শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৪৮১। অর্থাৎ জেলার ৮১ শতাংশের বেশি রোগীই খুলনা নগরের।
সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, সাত দিন পর যদি পরিস্থিতি সে রকম উন্নতি না হয়, তাহলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।