খুলনায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভান্ডাররক্ষক সুধাংশু কুমার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে দুই বস্তা বিক্রয়নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় সুধাংশুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) জিয়া উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরের দিকে ভান্ডাররক্ষক সুধাংশু কুমার মণ্ডলের ফুলতলার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দুই বস্তা বিভিন্ন ধরনের সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
এ ছাড়া দুই লাখ ৩০ হাজার টাকা ও দুটি পাসপোর্টও জব্দ করা হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরের জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনির এ টাইপ ৭/৭ ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
এ ঘটনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী দেলোয়ার হোসেনকে (৫৩) গ্রেপ্তার করা হয়।
একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি ফার্মেসি থেকে ১০টি পেথিডিন উদ্ধার করা হয়।
এ সময় দোকানের মালিক আবদুল হালিম বিশ্বাসকেও গ্রেপ্তার করা হয়।