খুলনায় বিভাগীয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগীয় ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতায় খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে ১৭ জন এবং কুইজে তিন ক্যাটাগরিতে ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। কুইজ ও প্রোগ্রামিং বিজয়ীরা ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘একদিন বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে বিশ্বকে শাসন করবে। আমাদের দেশের শিক্ষার্থীরা একদিন ফেসবুক বা টুইটারের মতো বা তার চেয়েও ভালো কিছু আবিষ্কার করবে এবং এর মালিক হবে।’
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম এম এ হাসেম ও বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের খুলনা আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।