খুলনায় বিভিন্ন দাবিতে রেল ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক রেলস্টেশন নির্মাণ, খুলনা-চুয়াডাঙ্গা পৃথটি দুই লাইনে উন্নীত করা ও খুলনা-ঢাকা পথে রেলের সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি গতকাল শনিবার খুলনা রেলস্টেশন ঘেরাও করে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় খুলনা পার্বতীপুর রুটের রকেট মেল ট্রেনটি আটকা পড়ে। কমিটি সূত্রে জানা গেছে, স্বাধীনতার ৪০ বছর পরও ব্রিটিশ আমল থেকে চলে আসা খুলনার বেহাল রেলস্টেশনটির কোনো আধুনিকায়ন হয়নি। আধুনিক যোগাযোগে সড়কপথ অনেক ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় মানুষ দিন দিন রেলের দিকে ঝুঁকছে। বিশেষত খুলনা-ঢাকা পথে প্রতিদিন প্রচুর রেলযাত্রী টিকিট না পেয়ে ফিরে যায়। তা ছাড়া খুলনা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত এক লাইন থাকায় রেল চলাচলে ক্রসিংয়ের জন্য অনেক সময় লেগে যায়।খুলনা রেলস্টেশন ঘেরাও চলাকালে বক্তারা বলেন, আগামী বাজেটের আগেই খুলনায় আধুনিক রেলস্টেশনের নির্মাণকাজ শুরু ও যাত্রীসেবার মান উন্নয়ন করতে হবে। অন্যথায় খুলনাবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে। উন্নয়ন কমিটির সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সাংসদ নজরুল ইসলাম, হাফিজুর রহমান ভূঁইয়া, শেখ আশরাফ-উজ-জামান, ফিরোজ আহমেদ, শেখ আবদুল কাইয়ুম, আজমল আহমেদ প্রমুখ।