খুলনায় বীজতলায় পানি, বিপাকে আমন চাষিরা
খুলনায় কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা। এতে চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। আবার অনেকে বীজধান ভিজিয়ে রেখেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে বীজতলায় ফেলার সুযোগই পাননি। কৃষকেরা বিপাকে পড়েছেন।
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের শ্যামা প্রসাদ মণ্ডল প্রথম আলোকে বলেন, তিনি ১০ দিন আগে দ্বিগুণ টাকা দিয়ে আমন ধানের সরকারি বীজ কিনে এনে বীজতলায় ফেলেছিলেন। এরপর থেকেই বৃষ্টি। তাঁর বীজতলার ওপর এক হাত পানি থইথই করছে। অথচ এ বছর আট বিঘা জমিতে আমন চাষের পরিকল্পনা ছিল তাঁর। একে তো বীজসংকট, তার ওপর অতিবৃষ্টিতে পুরো জমিতে ধানের চারা রোপণ করতে পারবেন কি না, সেই আশঙ্কা তাঁকে তাড়া করছে।
এদিকে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষক আবদুল গফ্ফারের সমস্যাটা আবার অন্য রকম। তিনি বীজধান পানিতে ভিজিয়ে রেখেছিলেন। কিন্তু অতিবৃষ্টিতে তাঁর বীজতলা তলিয়ে গেছে।
গফ্ফার বলেন, খুব শিগগির বৃষ্টি থেমে রোদ উঠবে, সেই আশা নেই। তা ছাড়া বাজারে এবার বীজের সংকট চলছে। আবার বীজ সংগ্রহ করতে পারবেন কি না, সেই দুশ্চিন্তা করছেন।
এমন উভয়সংকটে ভুগছেন এ জেলার অধিকাংশ আমন চাষি। বীজসংকট ও অতিবৃষ্টি তাঁদের দুশ্চিন্তায় ফেলেছে। কয়রা উপজেলার আরেক কৃষক মো. মাহমুদুর রহমান বলেন, এ বছর সরকারি পরিবেশকদের (ডিলার) কাছ থেকে প্রায় দ্বিগুণ দামে বীজ কিনতে হয়েছে। আবার কোনো বিক্রেতাই রসিদ দেননি। এখন বীজতলায় চারা বড় হয়ে গেছে। কিন্তু খেত পানিতে তলিয়ে থাকায় চারা রোপণ করতে পারছেন না।
জানতে চাইলে কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ বলেন, আপাতত উপজেলায় কোনো বীজসংকট নেই। অতিবৃষ্টিতে বর্তমানে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। আর বেশি দামে বীজ কেনার ব্যাপারে কোনো কৃষকই অভিযোগ করেননি। কোনো অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে খুলনা জেলায় ৯৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ জন্য প্রয়োজন ১ হাজার ৬৭৬ মেট্রিক টন বীজ। কিন্তু বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে জেলায় বীজ সরবরাহ করা হয়েছে মাত্র ৮০০ মেট্রিক টন। তা ছাড়া ধানের ভালো দাম পাওয়ায় কৃষকেরা এবার তাঁদের ঘরের বীজধানও বিক্রি করে দিয়েছেন। নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে বৃষ্টি। খুলনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষক যেসব বীজতলা তৈরি করেছিলেন, তা নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে বীজ পানিতে ভিজিয়ে রেখে আর বীজতলায় ফেলতে পারছেন না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল লতিফ বলেন, সরকারিভাবেই এ বছর কম বীজ সরবরাহ করা হয়েছে। গত বছর এক হাজার মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছিল, এ বছর সরবরাহ করা হয়েছে ৮০০ মেট্রিক টন। তা ছাড়া কৃষকেরা তাঁদের ঘরে থাকা বীজও বিক্রি করে দিয়েছেন। এ কারণেই মূলত সংকট দেখা দিয়েছে। অতিবৃষ্টি কৃষকদের পাশাপাশি তাঁদেরও ভাবিয়ে তুলেছে।
জানতে চাইলে বিএডিসির বীজ বিপণন শাখা খুলনা অঞ্চলের উপপরিচালক মো. লিয়াতক আলী বলেন, বিএডিসি থেকে সারা দেশে মাত্র ১৯ শতাংশ বীজ সরবরাহ করা হয়। তবে খুলনায় চাহিদার প্রায় ৫০ শতাংশ বীজ সরবরাহ করা হয়েছে।