খুলনা পাবলিক কলেজের প্রাথমিকে সবচেয়ে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল অঙ্কুর দাশ। দিবা-(ক) শাখায় তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার পর থেকে কখনো দ্বিতীয় হয়নি সে। শিক্ষক-অভিভাবক থেকে শুরু করে সবারই আশা ছিল অঙ্কুর ট্যালেন্টপুলে বৃত্তি পাবে। কিন্তু এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় তার ভাগ্যে কোনো বৃত্তিই জোটেনি।
ভালো লেখাপড়া করার পরও বৃত্তি না পাওয়ায় হতাশ শিক্ষক, অভিভাবক ও অঙ্কুর নিজেই। অঙ্কুরের মা শিলু রানী দাশ বলেন, ‘অঙ্কুর বৃত্তি না পাওয়ায় ও তার চেয়ে অপেক্ষাকৃত কম মেধাবীরা বৃত্তি পাওয়ায়, সে হতাশ হয়ে পড়েছে। বারবার খাতা পুনর্মূল্যায়ন করার জন্য আমাদের তাগাদা দিচ্ছে। এমতাবস্থায় কী করব, বুঝতে পারছি না। কিছুদিন আগে পত্রিকায় রাজশাহীতে ২০১৫ সালের ফলাফল জালিয়াতির খবর প্রকাশিত হওয়ার পর কিছুটা আশ্বস্ত হয়েছি। খাতা পুনর্মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হবে।’
অঙ্কুরের মতো এমনই অবস্থা খুলনার অধিকাংশ নামকরা স্কুলের মেধাবী শিক্ষার্থীদের। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কোনো বৃত্তিই পায়নি প্রথম থেকে ১১তম পর্যন্ত মেধাবী শিক্ষার্থীরা। ওই তালিকায় আছে পাবলিক কলেজের সকাল ও দিবা শাখার প্রথম সারির শিক্ষার্থীরাও। বৃত্তি পায়নি জিলা স্কুলের দিবা শাখার কোনো শিক্ষার্থী। ওই স্কুলের প্রাথমিকে প্রথম শিক্ষার্থীও বঞ্চিত বৃত্তি পাওয়া থেকে।
সেন্ট জোসেফস হাইস্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডলের দাবি, ওই স্কুলের অনেক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলা থেকে মোট প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮ হাজার ৩০ জন। মোট বৃত্তি পেয়েছে ১ হাজার ১৬৪ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৩৮ জন। সদর উপজেলার ১১ হাজার ৪৪২ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি পেয়েছে ৩৩৪ জন, যার ১২৯ জন ট্যালেন্টপুল।
বৃত্তি না পাওয়া সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রথম সারির ১২ জন শিক্ষার্থীর অভিভাবক একসঙ্গে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। ওই স্কুলের প্রাথমিকে প্রথম খন্দকার আশফিয়া নুরের মা লিপি খন্দকার বলেন, ‘ভালো ছাত্রী হওয়ার পরও আমার মেয়ে বৃত্তি না পাওয়ায় আমরা খুবই হতাশ হয়েছি। হতাশা আরও বেড়েছে, যখন অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে। বিশেষ করে যখন কেউ বৃত্তির কথা জানতে চায়, তখন মনের কষ্টটা আরও বেড়ে যায়। এ কারণে খাতা পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে। আমার বিশ্বাস, খাতা পুনর্মূল্যায়ন করা হলে মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে।’
ওই স্কুলের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বলেন, ‘মোট বৃত্তি বেশি থাকলেও প্রথম সারির মেয়েরা বৃত্তি না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি। ওই মেয়েদের অভিভাবকেরা খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে বলে শুনেছি।’
পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর আলম বলেন, যেভাবে বৃত্তি পাওয়ার কথা, তেমনটা পাওয়া যায়নি। বিশেষ করে প্রথম সারির অনেক শিক্ষার্থী বৃত্তি না পাওয়ায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা হতাশ হয়েছেন। তাঁরা খাতা পুনর্মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন।
অভিভাবকদের খাতা পুনর্মূল্যায়নের দাবির পক্ষে উৎসাহিত করছে রাজশাহীতে ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফল পরিবর্তন হওয়ার কারণে। সম্প্রতি তদন্তের মাধ্যমে জানা গেছে, রাজশাহীতে ওই বছর জালিয়াতি করে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।
এ ব্যাপারে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, ‘বৃত্তির ফলাফল বিপর্যয়ের কিছু অভিযোগ আমাদের কাছেও এসেছে। অনেক অভিভাবক খাতা পুনর্মূল্যায়নের দাবিও করেছেন। এ ব্যাপারে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথাও হয়েছে। যাঁরা খাতা পুনর্মূল্যায়নের দাবি করেছেন, তাঁদের খাতা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।’