খুলনায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খানজাহান আলী রোডে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তরের কয়েক গজ পেছনে অবস্থিত এক বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা লাবণ্য সরকার (৭৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে৷ পরে তারা বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে৷ গতকাল বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী চিত্তরঞ্জন সরকার (৭৯) বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে একদল দুর্বৃত্ত বাড়ির বারান্দার গ্রিল কেটে জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। দুর্বৃত্তরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি, শোকেস ভেঙে স্বর্ণালংকার ও টাকা বের করতে থাকে। এতে লাবণ্য সরকার বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে ঘটনাস্থলে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়৷
প্রতিবেশীরা জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর চিত্তরঞ্জন ও তাঁর ছেলের বউয়ের চিৎকার শুনে তাঁরা গিয়ে লাবণ্য সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন৷
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নিহতের স্বামী অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেছেন। পুলিশ কমিশনারের দপ্তরের এত কাছে ঘটনাটি ঘটায় এটি নিছক ডাকাতি না পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে৷