খুলনায় বেকারি পণ্যের বাজারজাতকরণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বাড়ানো হচ্ছে বেকারি পণ্যের দাম। এ জন্য গতকাল শনিবার থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত জেলায় সব ধরনের বেকারি পণ্য সরবরাহ বন্ধ থাকবে। দাম বাড়ানোর কারণ সম্পর্কে ভোক্তা ও সাধারণ বিক্রেতাদের অবহিত করার জন্যই এ উদ্যোগ নিয়েছে জেলা বেকারি মালিক সমিতি।
গতকাল নগরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, কোথাও বেকারি পণ্য সরবরাহ করা হয়নি। তবে শুক্রবার দোকানগুলো পর্যাপ্ত বেকারি পণ্য মজুত করে রাখে। এ কারণে বন্ধের প্রথম দিনে কোনো দোকানে পণ্যের সংকট তৈরি হয়নি। তবে পরবর্তী সময়ে সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন দোকানদাররা।
নগরের ময়লাপোতায় অবস্থিত অহিদ স্টোরের মালিক মো. বাদশা গতকাল দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, ‘বেকারি পণ্যের সরবরাহ বন্ধ থাকবে শুনে আগে থেকেই পর্যাপ্ত পণ্য মজুত করে রাখি। এ কারণে প্রথম দিন কোনো সমস্যা হয়নি। তবে শেষের দিকে পণ্যের সংকট তৈরি হতে পারে।’
২৬ জুলাই খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিন দিন খুলনা জেলায় সব ধরনের বেকারি পণ্য সরবরাহ ও উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেয় জেলা বেকারি মালিক সমিতি।
ওই সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কয়েক মাস ধরে বেকারি পণ্যের কাঁচামাল চিনি, তেল, ময়দা ও ফুড গ্রেড ফ্লেভারের দাম লাগামহীনভাবে বেড়েছে। এ ছাড়া শ্রমিকের মজুরি থেকে শুরু করে বিএসটিআই, সিটি করপোরেশনসহ বিভিন্ন লাইসেন্স ফি, ভ্যাট-ট্যাক্স, বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়েছে। এসব কারণে খুলনার শতাধিক বেকারিমালিক প্রতিনিয়ত লোকসানের সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় বেকারি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পণ্যের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। তাই ক্রেতাদের নতুন মূল্য সম্পর্কে জানাতে পণ্য উৎপাদন ও সরবরাহ বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মুঠোফোনে জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মো. সামসুল আলম বলেন, আজ (শনিবার) থেকে তিন দিন বেকারি পণ্য উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকবে। আগামী ১ আগস্ট থেকে বেকারিগুলো উৎপাদনে গিয়ে ২ আগস্ট থেকে আগের মতো বাজারে পণ্য সরবরাহ করবে। বন্ধের সময় গ্রাহকদের কথা চিন্তা করে দোকানগুলোতে পর্যাপ্ত পণ্য সরবরাহ করা হয়েছে। তাই প্রথম দিকে খুব বেশি সংকট হওয়ার কথা নয়।
জানতে চাইলে তিনি দাবি করেন, যদি উৎপাদনসামগ্রীর দাম আবার কমে আসে, তাহলে পণ্যের দাম কমানো হবে। উৎপাদিত বেকারি সামগ্রীর মধ্যে ১০-১২টি পণ্যের দাম সর্বোচ্চ ৮ শতাংশ বাড়ানো হবে।