খুলনায় বেসরকারি চিকিত্সা প্রতিষ্ঠান ৪৮ ঘণ্টা বন্ধের ঘোষণা
খুলনায় আজ শনিবার সকাল থেকে আগামী ৪৮ ঘণ্টা সব ধরনের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল নগরের একটি বেসরকারি হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএমএর এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে প্রাইভেট প্র্যাকটিশনার সমিতি, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
বিএমএ, প্রাইভেট প্র্যাকটিশনার সমিতি, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র অমিত রায় আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাঁকে নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর অবস্থা আরও খারাপ হওয়ায় উন্নত চিকিত্সার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে অমিত মারা যান।
অমিতের মৃত্যুর খবর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র বৃহস্পতিবার ভোর রাতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক বাপ্পাকে তুলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান ছাত্ররা। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ওই চিকিত্সককে উদ্ধার করে। ঘটনার পর গতকাল শুক্রবার বেসরকারি চিকিত্সা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকলেও আজ সকাল থেকে বন্ধ রাখা হয়েছে।
বিএমএর কেন্দ্রীয় কাউন্সিলর ও প্রাইভেট প্র্যাকটিশনার সমিতি খুলনার সাংগঠনিক সম্পাদক চিকিত্সক বঙ্গকমল বসু বলেন, ‘হাসপাতালে যেসব রোগী ভর্তি আছেন, এই দুদিন কেবল তাঁরা চিকিত্সা পাবেন। জরুরি বিভাগে কোনো চিকিত্সা দেওয়া হবে না। নতুন করে কোনো রোগীও ভর্তি করা হবে না। এ ছাড়া সরকারি হাসপাতালে শুধু কালো ব্যাচ ধারণের কর্মসূচি চলছে।’
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নয়। এটি বিশ্ববিদ্যালয়ের বাইরের ব্যাপার। এটি বাইরেই নিষ্পত্তি হবে।’