খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে খুলনা অঞ্চলের ব্যক্তিমালিকানাধীন ১৭টি পাটকলের শ্রমিকেরা গতকাল রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন। শ্রমিকেরা ১৫ থেকে ২০ মে নিজ নিজ মিলে বিক্ষোভ মিছিল, গেটসভা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময়; ২৩ মে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন এবং ২৫ মে ঢাকায় মহাসমাবেশ করবেন। পাট, সুতা ও বস্ত্রকল সিবিএ সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে স্মারকলিপি দেওয়ার সময় নেতারা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে মজুরি বৈষম্যের শিকার। সরকার বারবার আশ্বাস দিলেও তা পূরণ করা হয়নি। মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়ন ছাড়াও নেতারা গ্রাচুইটি প্রদান, উৎসব বোনাস পুনর্বহাল, শ্রমিক স্বার্থবিরোধী সব কালো আইন বাতিল, চাকরিচ্যুত ও অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারীদের পাওনা এককালীন পরিশোধসহ বিভিন্ন দাবি জানান।