খুলনায় বেড়িবাঁধ নির্মাণসহ ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন
আইলাকবলিত এলাকায় অবিলম্বে বেড়িবাঁধ নির্মাণ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি ও আইলাদুর্গত জনসাধারণের খাদ্য-সহায়তা আবার চালু করাসহ ১১ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন করেছে ‘আইলাদুর্গত সংহতি মঞ্চ’। গতকাল শুক্রবার নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পানিসম্পদ প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণের সময়সীমা শেষ হয়ে গেলেও বেড়িবাঁধের নির্মাণকাজ শেষ হয়নি। এরই মধ্যে আইলাবিধ্বস্ত দাকোপ, কয়রা ও শ্যামনগরে শীতজনিত রোগে সাতজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২০ হাজার টাকার গৃহনির্মাণ-সহায়তা দুর্গত মানুষ এখনো হাতে পায়নি। এরই মধ্যে ভিজিএফের আওতায় দেওয়া খাদ্য-সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। বক্তাদের অভিযোগ, মন্ত্রণালয়ের নির্দেশ থাকার পরও পাউবোর কিছু কর্মকর্তার গাফিলতির কারণে বেড়িবাঁধের নির্মাণ শেষ হয়নি। তাঁরা ওইসব কর্মকর্তার শাস্তির দাবি জানান।সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মঞ্চের সদস্যসচিব হাসান মেহেদী। এ সময় উপস্থিত ছিলেন জাসদের খুলনা নগর শাখার সভাপতি রফিকুল হক, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা ফারুকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক মনিরুল হক, সাম্যবাদী দলের জেলা সম্পাদক এফ এম ইকবাল, বেলার মাহফুজুর রহমান প্রমুখ।