খুলনায় বোমা হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩
খুলনায় সন্ত্রাসীদের বোমা হামলায় আওয়ামী লীগের নেতাসহ তিনজন আহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বয়রা বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের মহানগরের ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবুল হক, সাবেক দপ্তর সম্পাদক খন্দকার বাহউদ্দিন ও স্থানীয় বাসিন্দা আশরাফুজ্জামান।এলাকাবাসী জানান, সোমবার রাতে বাহউদ্দিন বয়রাবাজার মোড়ে মুজিবুল হকের ফাস্টফুডের দোকানে বসে গল্প করছিলেন। পরে রাত ১০টার আশরাফুজ্জামান ওই দোকানে আসেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে দোকান লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত মুজিবুল, আশরাফুজ্জামান ও বাহউদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত মুজিবুল হক বলেন, ‘হঠাৎ তিনটি ছেলে এসে আমাদের লক্ষ্য করে বোমা ছোড়ে।’হামলার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি শেখ হারুনুর রশীদ অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।