খুলনায় ব্যবসায়ী হত্যা মামলা হয়নি
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী সরদার জাকির হোসেন হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। গ্রেপ্তারও হয়নি কেউ। তবে নিহত জাকিরের এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত সোমবার রাতে খুলনা নগরের বাবুখান রোডে ব্যবসায়ী জাকিরকে (৫০) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শরাফপুর বানিয়াখালী বাজার বণিক সমিতি তিন দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করেছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ব্যবসায়ী জাকির হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী জাকিরের বড় ভাই সরদার ইকবালের শ্যালিকার স্বামী সিদ্দিকুর রহমানকে (৫২) আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।গতকাল মঙ্গলবার নগরের টুটপাড়ায় জাকির হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী দিলরুবা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। দুই মেয়ে চিৎকার করে কাঁদছে।কান্নাজড়িত কণ্ঠে দিলরুবা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীকে হত্যার উদ্দেশ্যে আগে বোমা হামলা চালানো হয়। এ ব্যাপারে খুলনা থানায় অভিযোগও করা হয়েছিল। কিন্তু এবার তারা আর বাঁচতে দিল না।