খুলনায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের সামসুর রহমান সড়কে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উজ্জ্বল সাহা (৩৮) নামের এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা ক্রিকেটের স্টাম্প ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। উজ্জ্বল নগরের বাগমারা এলাকার মৃণাল সাহার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টায় খুলনার জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনে মেয়ে তানশিকে পৌঁছে দিয়ে বিপরীত পাশে রংধনু ডায়াগনস্টিক ক্লিনিকের আঙিনায় দাঁড়িয়ে উজ্জ্বল সাহা ধূমপান করছিলেন। ওই সময় চার-পাঁচজন যুবক এসে হঠাৎ ক্রিকেটের স্টাম্প ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারতে থাকে। উজ্জ্বলের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।লোকজন মুমূর্ষু অবস্থায় উজ্জ্বলকে খুলনা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বলের ছোট ভাই সুমন সাহা বলেন, ‘হত্যার নেপথ্যে যে কী কারণ, তা বুঝতে পারছি নে।’ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ বলেন, খুনিরা উজ্জ্বলের মোটরসাইকেল ও সোনার চেইনও নেয়নি। কী কারণে যে হত্যা করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে মামলা হয়নি।