খুলনায় ব্যবসায়ীর লাশ উদ্ধার সাবেক স্ত্রী আটক
খুলনার রূপসা উপজেলার যুগিহাটি গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে শাহজাহান মোল্লা (৫৩) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, শাহজাহানকে তাঁর বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রী পারভীন বেগমকে আটক করা হয়েছে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন প্রথম আলোকে জানান, উপজেলার আইচগাতি ইউনিয়নের যুগিহাটি গ্রামে শাহজাহানের পাঁচতলা ভবন রয়েছে। ওই ভবনের পুরোটাই মুরগির খামার (পোলট্রি ফার্ম)। তিনি ওই বাড়ির চিলেকোঠায় একা থাকতেন। তিন মাস আগে তিনি স্ত্রী পারভীনকে তালাক দেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। গতকাল সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে।ওসি নূর হোসেন আরও জানান, এ ঘটনায় নিহতের পিতা আবদুর রব মোল্লা একটি হত্যা মামলা করেছেন।