খুলনায় ভবনের ছাদ ধসে স্কুলছাত্রীর মৃত্যু
কয়েক দিনের টানা বর্ষণে খুলনায় ভবনের ছাদ ধসে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরের আহসান আহমেদ রোডের ৫১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম আবিদা আরিফিন শাপলা (১৩)। বাবা ইমাদুল হাকিম। সে সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
ফায়ার সার্ভিস ও এলাকার লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমাদুল হাকিম স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে আজ ভোররাতে সেহরি খেয়ে আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তাঁর মেয়ে আবিদার ঘরের ছাদ ধসে পড়ে। এতে আবিদা গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আবিদার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বয়রা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার প্রথম আলোকে বলেন, ভবনের ছাদের যে অংশটি ধসে পড়েছে, তা চুন-সুরকির ছিল। । এটি খুব ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার পর ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনটি অপসারণের জন্য খুলনা সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অজিয়ার রহমান বলেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। ভবনটি দ্রুত অপসারণ করা হবে।