খুলনায় ভুয়া শিশু জরিপের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিশু জরিপে ভুয়া তথ্য অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বাড়ি বাড়ি ঘুরে শিশুদের সম্পর্কে তথ্য নিয়ে এই জরিপ করার কথা থাকলেও দায়িত্ব এড়িয়ে নিজেদের কৃতিত্ব জাহির করার জন্য তাঁরা মনগড়া তথ্য জরিপে অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ রয়েছে।এভাবে জরিপ করায় শিশুদের সম্পর্কে সঠিক তথ্য সরকারের কাছে থাকছে না। খুলনা মহানগরের বেশির ভাগ স্কুলে শিশু জরিপের চিত্র প্রায় একই রকম বলে জানা গেছে। মিরা খাতুন (১০) খুলনার রূপসার সামন্তসেনা দারুচ্ছুন্নাত মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। তাকে আবার খুলনা নগরের উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে শিক্ষকেরা ভুয়া উপস্থিতি দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় শ্রেণীর রিমা রায় পড়ে ইকবাল নগর বালিকা বিদ্যালয়ে, ওই শ্রেণীর আকাশ গাজী ও হূদয় হোসেন গত বছর থেকেই স্কুলে অনুপস্থিত। অথচ উদয়ন বিদ্যালয়ের শিক্ষকেরা হাজিরা খাতায় তাদেরও ভুয়া উপস্থিতি দিয়ে যাচ্ছেন।অভিযোগ রয়েছে, উদয়ন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা বিদ্যালয়ের আওতাধীন এলাকায় শিশু জরিপের নামে ভুয়া তথ্য দিয়েছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, উদয়ন স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ৭৫ জন। গত বছর বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে নয়জন শিক্ষার্থী অংশ নিলেও ২০১২ সালে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ দেখানো হয়েছে ১১ জন। মলি ভট্টাচার্য ও আছিয়া আঞ্জুমের নামে ভুয়া ফলাফল ও উপস্থিতি দেখানো হয়েছে। মলি ভট্টাচার্যের বাবা চন্ডি ভট্টাচার্য বলেন, মলি প্রতিবন্ধী। সে দুই বছর ধরে স্কুলে যায় না। গত বছর বার্ষিক পরীক্ষায়ও অংশ নেয়নি। আছিয়া আঞ্জুম পড়ে খুলনা কলেজিয়েট গার্লস স্কুলে ষষ্ঠ শ্রেণীতে। আছিয়ার মা আজিজা খানম জানান, ‘তাঁর মেয়ে কখনো উদয়ন স্কুলের ছাত্রী ছিল না।’ খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার প্রথম আলোকে বলেন, শতভাগ শিশুদের স্কুলে ভর্তি নিশ্চিতকরণ, বইয়ের চাহিদা নিরূপণ ও সরকারে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে শিশু জরিপ অপরিহার্য। ভুয়া শিশু জরিপ সম্পর্কে তিনি বলেন, কোনো কোনো শিক্ষক শিশু জরিপে ভুয়া তথ্য দিয়ে নিজের কৃতিত্ব জাহির করেন। শিক্ষকেরা এলাকায় গিয়ে জরিপ না করে পূর্বের বিভিন্ন বছরের জরিপকৃত শিশুর বয়স বাড়িয়ে নতুন তালিকা তৈরি করেন। এটি খুবই দুঃখজনক। এ অভিযোগ গুরুতর। অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।জেলা শিক্ষা কার্যালয়ে উদয়ন বিদ্যালয়ের দাখিল করা নথিপত্র সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের চলতি বছরের (জানুয়ারি-ফেব্রুয়ারি) করা শিশু জরিপে (৪ বছর+ থেকে ১৫ বছর+) বিদ্যালয়ের আওতাধীন এলাকায় শিশুর সংখ্যা ৭৭০ জন। অথচ অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ের জরিপ খাতায় এমন ৩০০ শিশুর নাম আছে।শিক্ষক নুরুন্নাহার খাতুন জরিপে উল্লেখ করেছেন, ‘গোবিন্দ সেন (দ্বিতীয় শ্রেণী) ও কাবেরুল ইসলাম (চতুর্থ শ্রেণী) পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে ও সোহানা কবির (দ্বিতীয় শ্রেণী) রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব নামে ওই বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই। শিক্ষক শাহীনুর আক্তার জরিপে উল্লেখ করেছেন, ১১ বছরের গোবিন্দ পাল জোহরা খাতুন কিন্ডারগার্টেনে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। অথচ ওই কিন্ডারগার্টেনে ষষ্ঠ শ্রেণীই নেই। শিক্ষক শাহিনুর চতুর্থ শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তারের মা মরিয়ম বেগমের সই জাল করে গত ২৮ ফেব্রুয়ারি একটি ভুয়া বাড়ি পরিদর্শন (হোম ভিজিট) দেখান। বিদ্যালয়ের আওতাধীন এলাকা মির্জাপুর রোডের বাসিন্দা আবদুল্লাহ মিয়া ও শামসুর রহমান রোডের মাকসুদা বেগম জানান, তাদের বাড়িতে শিশু জরিপ করতে স্কুলের কোনো শিক্ষক আসেননি।জরিপের ভুল তথ্য এবং নানা অসংগতি প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষক নুরুন্নাহার খাতুন ও শাহিনুর আক্তার কোনো সদুত্তর দিতে পারেননি। এসব বিষয়ে জানতে চাইলে উদয়ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, শিক্ষকদের পাঠদান ছাড়াও বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে। ভুয়া হোম ভিজিট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।