খুলনায় মন্দির-বাড়িতে হামলায় দোষিদের শাস্তি দাবি বিশিষ্টজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা এ দাবি করেন। গত শনিবার খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে চারটি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু দোকান ও কয়েকটি বাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

বিবৃতিতে স্বাক্ষর করেন সুলতানা কামাল, বিচারপতি মো. নিজামুল হক, খুশী কবির, ইফতেখারুজ্জামান, রাণা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী, জেড আই খান পান্না, তবারক হোসেন, মেঘনা গুহঠাকুরতা, আবুল বারকাত, সৈয়দা রিজওয়ানা হাসান, শামসুল হুদা, সারা হোসেন, রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীন, ফারহা তানজীম, কাজল দেবনাথ, সঞ্জীব দ্রং ও দীপায়ন খীসা।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা–কর্মী ও সামাজিক সংগঠনের সদস্যরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়াননি। এ উত্তেজনার কথা সব পক্ষই জানত। এ ছাড়া সংখ্যালঘুদের ওপর এ ধরনের আক্রমণের ঘটনা এবারই প্রথম নয়। সংখ্যালঘুদের ওপর আক্রমণের ক্ষেত্রে পুলিশ আগেভাগে বিষয়টি জানলেও তাদের নিষ্ক্রিয়তা বা সময়ক্ষেপণ এসব ঘটনা ঘটার সুযোগ করে দিচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় সরকারি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর নীরব ভূমিকা দুর্বৃত্ত ও সাম্প্রদায়িক শক্তির ঔদ্ধত্য ক্রমাগত বাড়িয়ে চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন কৌশল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এর মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা পাবনার সাঁথিয়া (২০১৩ সাল), কক্সবাজারের রামু (২০১২ সাল), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর (২০১৬ সাল), ভোলার মনপুরা (২০২০), সুনামগঞ্জের শাল্লার (২০২১) ঘটনাগুলো জানি। বারবার এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলছি এবং দায়ী ব্যক্তিদের যথাযথ বিচারের দাবি করে আসছি। কিন্তু এখন পর্যন্ত বেশির ভাগ ঘটনার তদন্ত শেষ হয়নি এবং প্রকৃত অপরাধীরা কখনোই আইনের আওতায় আসেনি।