খুলনায় মাছ ও মুড়িতে বিষাক্ত রাসায়নিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী খুলনার হাট-বাজারে বিভিন্ন খাদ্যসামগ্রীতে ভেজাল মিশিয়ে বিক্রি করছে। এরা মাছে রং ও ফরমালিন দিচ্ছে। মুড়িতে দিচ্ছে ইউরিয়া সার। এসব রং ও রাসায়নিক উপাদান মেশানো খাদ্যসামগ্রী ও মাছ খেলে মানুষের কিডনি ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পচন ঠেকাতে ও আকর্ষণীয় করতে খুলনার বিভিন্ন বাজারে মাছে রং ও ফরমালিন দেওয়া হচ্ছে। সরেজমিনে খুলনা নগরের কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে, হালকা সোনালি রঙের তপসে, ভেটকি, ভোলা, চুনাসহ বিভিন্ন মাছের ফুলকিতে ও শরীরে রং মেশানো হচ্ছে। নগরের ময়লাপোতা মোড়ের সান্ধ্য বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক মাছ ব্যবসায়ী বলেন, পচা কিংবা অনুজ্জ্বল মাছকে তরতাজা দেখানোর জন্য ফরমালিন ও রং মেশানো হয়। সাধারণত মাছের মুখে, কান, চোখ, পেট ও বুকের পাখনায় রং লাগানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মাছে সাধারণত বিষাক্ত রং ক্রাইসোডাইন, আরামিন ও আরামিন-বি ব্যবহার করা হয়। এগুলো কাগজ ও কাপড় শিল্পে ব্যবহার করা হয়। খুলনাসহ আশপাশের বিভিন্ন বাজারে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। খুলনার সিভিল সার্জন গোলাম মর্তূজা বলেন, রং মিশ্রিত মাছ মানুষের কিডনি ও যকৃতের ক্ষতি করে। এতে খাওয়ার রুচি নষ্ট ও শ্বাসকষ্ট হতে পারে। রং উজ্জ্বল, সাদা ধবধবে ও আকারে বড় করার জন্য মুড়িতে দেওয়া হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সার মেশানো মুড়ি খুলনা শহরের বিভিন্ন বাজারে অবাধে বিক্রি করা হচ্ছে। খালিশপুরে গড়ে ওঠা ময়দা তৈরির কারখানাগুলোতে যেসব নষ্ট বা বাদ যাওয়া ময়দা (ডাস্ট) থাকে, তা দিয়েই রোজার সময় সেমাই তৈরি হয় বলে জানা গেছে। বিএসটিআইয়ের খুলনার উপপরিচালক আবদুল বারী বলেন, ‘গত ১ আগস্ট থেকে আমরা নগরের বাজারগুলো অভিযান চালিয়েছি। কিন্তু গত রোববার থেকে আমরা মহাপরিচালকের নির্দেশে সব ধরনের অভিযান বন্ধ রেখেছি।’ সিভিল সার্জন গোলাম মর্তূজা বলেন, কার্বাইড, ফরমালিন, বা বিষাক্ত রং মানুষের শরীরে ঢুকে ধীরে ধীরে কিডনি, যকৃৎসহ বিভিন্ন অঙ্গ বিকল করে দেয়।