খুলনায় মার্কেটে ঢুকে গুলি, দলিল লেখক নিহত
খুলনা নগরের কেসিসি সুপার মার্কেটে গত রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে দলিল লেখক সমিতির এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম খান মোহাম্মদ জাকির হোসেন। বাড়ি দৌলতপুর উপজেলার রায়েরমহলের পুলিশ লাইনের পেছনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, নিহত জাকির খুলনার দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব। রোববার সন্ধ্যায় তিনি সুপার মার্কেটে নিজের চেম্বারে (৪২) বসেছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চার-পাঁচজন সন্ত্রাসী মার্কেটে ঢুকে তাঁকে লক্ষ্য করে একটি গুলি চালায়। গুলিটি জাকিরের বুকে বিদ্ধ হয়। তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা মার্কেটের ভেতরে ও বাইরে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। মার্কেটের বাইরে বিস্ফোরিত বোমার আঘাতে ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৫) আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুলিবিদ্ধ জাকিরকে উদ্ধার করে রাত সোয়া আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে রাত পৌনে ১০টার দিকে যশোর সম্মিলিত সামরিক (সিএমএস) হাসপাতালে নেওয়ার পথে জাকিরের মৃত্যু হয়।