খুলনায় মিষ্টির কারখানাকে লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার মিষ্টিমহল নামের একটি মিষ্টি তৈরির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ এই আদালতের অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম।
মিষ্টিমহলের কারখানাটি নগরের খালিশপুরে প্লাটিনাম জুট মিলের পাশে অবস্থিত। সেখানে কোনো সাইনবোর্ডও নেই। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, সেখানে পচা–বাসি মিষ্টির রস সংরক্ষণ করা হয়েছে। অন্য একটি কক্ষে ৩৬টি বড় ড্যাগে (পাতিল) মিষ্টি সংরক্ষিত অবস্থায় ছিল ঢাকনা ছাড়া। এ ছাড়া মিষ্টিমহলের দধি তৈরির কারাখানাটির পরিবেশও অস্বাস্থ্যকর ও নোংরা দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে মিষ্টিমহলের মালিক আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আতিকুল ইসলাম বলেন, খুলনার জনপ্রিয় এ মিষ্টির কারখানায় পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় ওই কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।