খুলনায় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্থানে চার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দুর্বৃত্তরা গত বুধবার এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে। একই দিন কুষ্টিয়ার কুমারখালী, যশোরের মনিরামপুর, চাঁদপুরের শাহরাস্তিতে আরও তিনজনকে হত্যা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: খুলনা নগরের খালিশপুর হাউজিং এলাকায় মহব্বত, তাঁর ভাই আতাউর, বাবুসহ কয়েকজন গত বুধবার রাত সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় আলতাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত একটায় তিনি মারা যান। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেস জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।কুষ্টিয়া ও কুমারখালী: কুমারখালী উপজেলার হিজলাকর বেড়িবাঁধের ওপর বুধবার রাতে সন্ত্রাসীরা হালিম মাহমুদ (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনি কুমারখালী উপজেলার সদকী মহাম্মদপুর গ্রামের লুত্ফর রহমানের ছেলে। বুধবার রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ হালিমের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত হালিমের পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় হত্যা মামলা করা হয়েছে। হালিম এক মাস আগে পাশের রাজবাড়ীর পাংশা উপজেলার স্কুলপড়ুয়া এক কিশোরীকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাড়ি নিয়ে আসেন। পরে হালিমের অভিভাবকেরা ওই মেয়েকে তাদের বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনায় হালিমকে ওই মেয়ের পরিবারের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরের রত্নেস্বরপুর গ্রামের নিতাই রায়ের ছেলে বিকাশ রায়ের স্ত্রী সাথী রায়ের (১৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সাথীর বাবা সাধন রায় অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে জামাই বিকাশ রায় শ্বাসরোধে হত্যা করেছেন। বিকাশের বাবা নিতাই রায় দাবি করেন, সাথী তাঁর স্বামীর ওপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বিকাশ রায়দের ঘরের একটি আড়ায় ঝুলন্ত অবস্থায় সাথী রায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিকাশ রায়ের পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় সাথী রায়কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মনিরামপুর থানায় অপমৃত্যুর মামলা করেছে।শাহরাস্তি (চাঁদপুর): উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে বুধবার রাতে মো. ইসমাইল (২৭) নামে এক চা বিক্রেতা খুন হয়েছেন। তিনি হাড়িয়া পাটোয়ারীবাড়ীর মৃত আবদুল বারেকের ছোট ছেলে। বড় ভাই আবু তাহের, বোন সুফিয়া ও ফজিলতের নেছা ভোররাত চারটায় দোকানে গিয়ে ইসমাইলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শাহরাস্তি থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।