খুলনায় মুঠোফোনে পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ
এখন থেকে খুলনাঞ্চলের গ্রাহকেরা তাঁদের বিদ্যুৎ ও পানির বিল মুঠোফোনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। গ্রামীণফোন বিল-পে সেবার মাধ্যমে সহজেই এ বিল পরিশোধ করা যাবে।
গতকাল রোববার খুলনার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিল-পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন।
খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালীতে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) আওতাধীন প্রায় নয় লাখ গ্রাহক গ্রামীণফোনের বিল-পে সেবার মাধ্যমে তাঁদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। অন্যদিকে খুলনা সিটি করপোরেশনের অধিবাসীরা খুলনা ওয়াসার বিল পরিশোধ করার ক্ষেত্রে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
তিনটি সহজ ধাপ সম্পন্ন করার মাধ্যমে গ্রাহকেরা অতি সহজেই এ সেবা নিতে পারেন। এ জন্য ডায়াল করতে হবে *৭৭৭# নম্বরে। ডায়াল করার মাধ্যমে গ্রাহক নিজের মুঠোফোন নম্বরে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করে নিতে পারবেন। এরপর নিকটস্থ মোবিক্যাশ আউটলেট, গ্রামীণফোন সেন্টার কিংবা ইন্টারনেট পয়েন্টের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা রিচার্জ করবেন। বিল পরিশোধের ক্ষেত্রে সরাসরি নিজের মুঠোফোন অ্যাকাউন্ট থেকেই বিল পরিশোধ করা যাবে।