খুলনায় যত্রতত্র বিলবোর্ডে নগরের সৌন্দর্যহানি
খুলনা নগরের বাণিজ্যিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো বড় বড় বিলবোর্ডে ছেয়ে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠান প্রচারের সুবিধার্থে যত্রতত্র এসব স্থাপন করায় নগরের সৌন্দর্যহানি হচ্ছে। শুধু তা-ই নয়, অনেক সুদৃশ্য ভবন বিলবোর্ডে ঢাকা পড়ে সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এসব বিলবোর্ডের মধ্যে বিপুলসংখ্যক অননুমোদিত। আদালতের নিষেধাজ্ঞা থাকায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এগুলো উচ্ছেদ করতে পারছে না।সরেজমিনে দেখা গেছে, নগরের কেডিএ এভিনিউর রয়েলের মোড়, শিববাড়ী মোড় এলাকায় সড়কের মধ্যে ও বিভিন্ন ভবনে মুঠোফোন কোম্পানিসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বড় বড় অসংখ্য বিলবোর্ড। এসবের কারণে রয়েল মোড়ের সুদৃশ্য হোটেল ক্যাসেল সালামসহ আশপাশের অনেক ভবন ঢাকা পড়েছে। এসব এলাকার এক তলা থেকে চার-পাঁচ তলা ভবনের ছাদে ও দেয়ালে বিশালাকৃতির বিলবোর্ড। প্রায় একই অবস্থা মজিদ সরণি, ডাকবাংলা মোড় ও খানজাহান আলী সড়ক এলাকায়।হোটেল ক্যাসেল সালামের ব্যবস্থাপনা পরিচালক এম এম এ সালাম ক্ষোভের সঙ্গে বলেন, এত টাকা খরচ করে হোটেলের জন্য সুদৃশ্য ভবন বানিয়ে কোনো লাভ হয়নি। কারণ, বড় বড় বিলবোর্ডে ভবন ঢাকা পড়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাড়ির মালিকেরা আশপাশের ভবন ও নগরের সৌন্দর্যের কথা বিবেচনা না করেই এগুলো লাগিয়েছেন। এভাবে বিলবোর্ড লাগানোর অনুমতি দিলে নগরের যেটুকু সৌন্দর্য আছে, তা-ও হারিয়ে যাবে।একই এলাকার অভিজাত হোটেল রয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বিশ্বের কোথাও শহরের বাড়ির ছাদে ও দেয়ালে এমন বিশালাকৃতির বিলবোর্ড নেই। সেখানে শহরগুলোর সৌন্দর্যের কথা বিবেচনা করে হাইওয়েতে বড় এবং শহরে ছোট ছোট বিলবোর্ড স্থাপন করা হয়েছে। খুলনা নগরে যেভাবে এগুলো লাগানো হয়েছে, তাতে ঝড়ে বিদ্যু ৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তা ছাড়া যেসব ভবনে বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে, সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ, এসব ভবন এই বিলবোর্ড স্থাপনের উপযোগী কি না, তা পরীক্ষা না করেই লাগানো হয়েছে।খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বিউটিফিকেশন সেলের চেয়ারম্যান ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামছুদ্দিন মিয়া জানান, নগরের সৌন্দর্য, যানবাহন ও জনগণের স্বাভাবিক চলাচলের কথা বিবেচনা করে কেসিসির টেকনিক্যাল কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রথমে বিলবোর্ড স্থাপনের অনুমতি দেয়। পরে তা বিউটিফিকেশন সেল হয়ে সাধারণ সভায় পাস হলে টাকা জমা দিয়ে এগুলো স্থাপন করা যায়। কেসিসি শুধু তাদের সড়ক, সড়কদ্বীপ ও স্থাপনায় বিলবোর্ড স্থাপনের ক্ষেত্রে এই প্রক্রিয়া মেনে চলে। কিন্তু নগরের কোনো বাড়ির মালিক ছাদে বা দেয়ালে এগুলো স্থাপনের অনুমতি দিলে সে ব্যাপারে কেসিসির কিছু করার নেই। এ ব্যাপারে কেসিসির কোনো আইনও নেই। বেসরকারি ভবনে বিলবোর্ড স্থাপনের বিষয়টি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দেখা উচিত। তিনি আরও বলেন, নগরে অনেক বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যার অনুমতি নেই। এগুলো উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আদালত থেকে নিষেধাজ্ঞা আনেন। কেসিসির সড়ক, সড়কদ্বীপ ও স্থাপনায় যেসব বিলবোর্ড নগরের সৌন্দর্য নষ্ট করে তা সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হবে। কেডিএর জ্যেষ্ঠ এস্টেট কর্মকর্তা শামীম জাহেদ বলেন, ‘নগরে বিলবোর্ডের বিষয়টি দেখার দায়িত্ব আমাদের নয়।’