খুলনায় যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি, ভোগান্তি কমানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি, ময়লা-আবর্জনা ফেলা ও শব্দদূষণের কারণে নাগরিক ভোগান্তি বাড়ছে। এই ভোগান্তি কমিয়ে আনার আহ্বান জানিয়েছে ‘খুলনা সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, কয়েক মাস ধরে নগরের অধিকাংশ রাস্তায় যত্রতত্র মাটি খুঁড়ে গর্ত করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে যানবাহন ও লোকজন চলাচল করতে পারছে না। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তা ছাড়া, রাস্তা খোঁড়ার ফলে নগর এখন ধুলাবালুতে আচ্ছন্ন হয়ে আছে, অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা।
সাইফুল ইসলাম বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ করছে ওয়াসা। কিন্তু নাগরিক ভোগান্তি লাঘবে ওয়াসার মতো নীরব সিটি করপোরেশনও। নগরের সবগুলো রাস্তা একসঙ্গে না খুঁড়ে পরিকল্পিতভাবে খুঁড়লে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। তিনি আরও বলেন, নগরের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। কিন্তু সেগুলো সঠিক সময়ে অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয় না। ফলে ময়লা আবর্জনার দুর্গন্ধে নগরবাসী অসুস্থ হয়ে পড়ছে। আর এটা হচ্ছে সিটি করপোরেশনের উদাসীনতার জন্য।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নগরের অধিকাংশ সড়কে বাতি জ্বলে না। ফলে রাতে চলাচল করতে নগরবাসীর অসুবিধা হয়। তা ছাড়া, ইজিবাইকের মতো অপ্রয়োজনীয় যানবাহনের কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফুটপাতেও মানুষ চলাচলের উপযুক্ত পরিবেশ নেই। নগরবাসী এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চায়। কিন্তু এসব বিষয়ে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ, নিরাপদ সড়ক চাই-এর জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।