খুলনায় যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া
খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়ন ও দাকোপ উপজেলার সাহেবের আবাদ গ্রামে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার কিছু লোকের উদ্যোগে ৪ মার্চ থেকে ডুমুরিয়ার সাহস ইউনিয়নের কাজিরহুলো মন্দিরের পাশে যাত্রাপালা শুরু হয়। সেখানে প্রতি রাতে নিউ প্রতিমা অপেরার যাত্রার নামে অশ্লীল নৃত্য চলছে। এ ছাড়া যাত্রা প্যান্ডেলের পাশেই চলছে জুয়ার আসর।গতকাল শনিবার ভোরে যাত্রা প্যান্ডেল থেকে বের হওয়ার পর এলাকার যুবক আফজাল হোসেন বলেন, ‘কী আর বলব, রাত এগারোটাত্তে শুরু করে একটানা দুইডা পর্যন্ত প্রায় উলঙ্গ নাচেছে। প্রথমে একটা জামা ও ত্রি-কোয়ার্টার প্যান্ট পরে নাচতি আসলে। নাচতি নাচতি প্রথমে প্যান্ট খুলে মানসির দিরি চালে দেলে। পরে গায়ের জামাও খুলে ফেলে চালে দেলে।’সাহস কেডিসি রেজি. প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ শেখ বলেন, ‘যাত্রা শুনতি আসে নাচের নামে যা দেখলাম, তা তো মুখ দিয়ে বলা যায় না। দুই-তিনডে কাপড় পরে আসে আস্তে আস্তে সব খুলে দর্শকগে দিরি ছুড়ে ফ্যালে। খুব খারাপ। তা ছাড়া জুয়ো খেলার জন্যি এলাকার যুবকরা বাড়ির টাকাপয়সা নষ্ট করছে। কেউ কিছু বলছেও না।’ যাত্রাপালার অন্যতম আয়োজক সাহস ইউপি সদস্য নুর মোহম্মদ মোড়ল এ বিষয়ে বলেন, যাত্রাগানে একটু-আধটু নাচ হয়ে থাকে। প্রথম দিকে কিছু অশ্লীল নৃত্যের অভিযোগের পর তা কমানো হয়েছে। তবে অবৈধ ফড় বা জুয়া খেলার অভিযোগ তিনি স্বীকার করেন। ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল বলেন, ‘ন্যাকেড ড্যান্স ও জুয়ার অভিযোগ পেয়ে আমি সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। যখন পুলিশ থাকে তখন অশ্লীল নৃত্য বা জুয়া বন্ধ থাকে।’দাকোপ উপজেলার সাহেবের আবাদ গ্রামের বাসিন্দারা জানান, সাহেব আবাদ দুর্গামণ্ডপ পূজা উদ্যাপন কমিটি সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠে যাত্রা প্রদর্শনীর আয়োজন করেছে। ৪ মার্চ শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, রাত নয়টার দিকে যাত্রা শুরু হয়ে রাত একটার দিকে শেষ হয়। এরপর শুরু হয় অশ্লীল নৃত্য। অধিকাংশ লোকজন এই নৃত্য দেখতে আসে। যাত্রা দেখা লোকের থেকে নৃত্য দেখা লোকের সংখ্যা বেশি। এতে করে বিদ্যালয়ের পরিবেশ নোংরামিতে ভরে যাচ্ছে। শিক্ষার্থীরা আসক্ত হয়ে পড়ছে।শুক্রবার এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠে প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেল ভেতরে গিয়ে দেখা গেল, কয়েকটি চেয়ার আর অধিকাংশ জায়গায় খড় আর চট বিছানো। সাহেবের আবাদ গ্রামের ভ্যানচালক দেবপ্রসাদ মণ্ডল বলেন, ‘এহন কি আগের মতো দিন আছে। এটটু উল্টাপাল্টা নাছ না হলি জনগণ যাত্রা দেখতি আসে নাকি?’এলাকার একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিদ্যালয়ের মাঠে এমন অশ্লীল নৃত্য ভাবা যায় না। এভাবে যেমন যাত্রাশিল্প ধ্বংস হচ্ছে, তেমনি কোমলমতি শিক্ষার্থীরা এ দেখে নষ্ট হচ্ছে।’দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘আমার কাছ থেকে আট দিনের অনুমতি নিয়েছে। আমি বিষয় জানলাম। এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ তবে আয়োজক কমিটির সদস্য, দাকোপ ইউপির চেয়ারম্যান ও সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মোড়ল বলেন, যাত্রার পরিবেশ সংযত রাখার চেষ্টা করছেন তাঁরা। কিছু সমস্যা হচ্ছে, তবে এ সমস্যা সমাধান করার চেষ্টা চলছে।