খুলনায় যুব ও কিশোর-কিশোরী মেলা উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে দৌলতপুরে আলোর ধারা ইয়ুথ ফোরামের সদস্য এবং এলাকার যুব ও কিশোর-কিশোরী, অভিভাবক এবং সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে দৌলতপুরে আলোর ধারা ইয়ুথ ফোরামের সদস্য এবং এলাকার যুব ও কিশোর-কিশোরী, অভিভাবক এবং সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

যুব ও কিশোর-কিশোরী মেলায় খুলনার দৌলতপুর এলাকার গরিব, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বই পড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) আরএইচ স্টেপ আলোর ধারা পাঠশালা, দৌলতপুর, খুলনা তার নিজস্ব কার্যালয়ে আয়োজন করে যুব ও কিশোর-কিশোরী মেলা। সেখানে এসব অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব কিশোর-কিশোরীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সঙ্গে তার আচরণগত পরিবর্তন জরুরি। এর মধ্য দিয়ে একজন কিশোর ও কিশোরী হয়ে উঠতে পারে সমাজের অনুকরণীয় আদর্শ। সুশিক্ষায় শিক্ষিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে সে যেন আলোর মশাল প্রজ্বালন করতে পারে। তারাই অংশগ্রহণ করবে দেশ গঠনে। এসব লক্ষ্যে নিয়েই কাজ করছে আরএইচ স্টেপ আলোর ধারা পাঠশালা।

বই পড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত
বই পড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (খুলনা অঞ্চল) খুলনার সহকারী পরিচালক শিক্ষানুরাগী এনামুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দার, খুলনা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ‍শিক্ষক শেখ মোহাম্মদ আলী, দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

যুব ও কিশোর-কিশোরী মেলার সার্বিক দায়িত্বে ছিলেন আরএইচ স্টেপের রিজিওনাল ম্যানেজার কাম ইন্টারনাল অডিটর নিখিল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে দৌলতপুরে আলোর ধারা ইয়ুথ ফোরামের সদস্য এবং এলাকার যুব ও কিশোর-কিশোরী, অভিভাবক এবং সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। গান, কবিতা, কৌতুক, গেম, বাস্তব অভিজ্ঞতা বিনিময় বিভিন্ন কর্মকাণ্ডে সবাই মিলে সুন্দর একটি সময় অতিবাহিত করেন।