খুলনায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
‘ওরা আমার মাইয়েরে মাইরে ফেলাইছে, পুলিশরেও টাহা দেছে। টাহা খাইয়ে পুলিশ মিথ্যা রিপোর্ট দিছে। আল্লাহ ওগের বিচার করবে।’ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে দাঁড়িয়ে এসব বলে হাউমাউ করে কাঁদছিলেন নিহত গৃহবধূ লিয়া বেগমের (২২) মা তাসলিমা বেগম। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে গত শুক্রবার রাতে খুলনার রূপসা উপজেলার নিহালপুর গ্রামে শ্বশুরবাড়িতে লিয়া বেগমকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।নিহত লিয়ার বোন খাদিজা বেগম অভিযোগ করে প্রথম আলোকে জানান, ঘটনার পর রূপসা থানার উপপরিদর্শক (এসআই) হাবিব মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদন তৈরির সময় এসআই ঘটনাস্থলে উপস্থিত সবাইকে জানান, নিহত লিয়ার নাকে রক্তের দাগ ও শরীরে আঘাতের চিহ্ন আছে। কিন্তু বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে এসআই হাবিব নির্যাতনের কোনো কথাই উল্লেখ করেননি।এদিকে গতকাল রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লিয়ার লাশের ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক হরিদাস বিশ্বাস সুরতহাল প্রতিবেদনের সঙ্গে গরমিল দেখতে পান। তিনি এসআই হাবিবকে তাঁর কার্যালয়ে ডেকে এ ব্যাপারে কথা বলেন। চিকিৎসক হরিদাস বিশ্বাস জানান, সুরতহাল প্রতিবেদন অসংগতিপূর্ণ হওয়ায় এসআই হাবিবকে ডেকে আনা হয়।এসআই হাবিব প্রথম আলোকে বলেন, মরদেহে আঘাতের চিহ্ন নেই উল্লেখ করায় চিকিৎসক ডেকে নিয়েছিলেন। এসআই জানান, মরদেহের ঘাড়ে ও পিঠে কালচে দাগ রয়েছে এবং তাঁর নাক দিয়ে লালাজাতীয় রক্ত বের হয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।লিয়ার দুলাভাই হাবিবুর রহমান জানান, প্রায় দুই বছর আগে রূপসার নন্দনপুর গ্রামের মো. আবদুর রহিমের মেয়ে লিয়া বেগমের সঙ্গে একই উপজেলার নিহালপুর গ্রামের চান মোল্লার ছেলে বেল্লাল মোল্লার বিয়ে হয়। বিয়ের পর বেল্লাল যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করেন। লিয়ার গরিব বাবা কিস্তিতে একটি মোটরসাইকেল জামাইকে এনে দেন। সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় কোম্পানি সেই মোটরসাইকেল বেল্লালের কাছ থেকে নিয়ে যায়। এতে বেল্লাল ক্ষিপ্ত হয়ে লিয়াকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরে ঋণ করে লিয়ার বাবা মোটরসাইকেল ও লিয়াকে বেল্লালের বাড়িতে পাঠান। হাবিবুরের অভিযোগ, সম্প্রতি আরও এক লাখ টাকার দাবিতে বেল্লাল ও তাঁর পরিবারের সদস্যরা লিয়ার ওপর নির্যাতন শুরু করে। নির্যাতনের একপর্যায়ে গত শুক্রবার দিবাগত রাতে লিয়ার মৃত্যু হয়। শনিবার সকালে মৃত্যুর খবর শুনে লিয়ার আত্মীয়স্বজন সেখানে উপস্থিত হয়।হাবিবুর অভিযোগ করেন, এ ঘটনায় শনিবার পরিবারের পক্ষ থেকে রূপসা থানায় হত্যা মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ দাস আপত্তি জানান। অপরদিকে লিয়া জ্বরে মারা গেছেন উল্লেখ করে বেল্লালের দেওয়া সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়।এ প্রসঙ্গে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ দাস গতকাল প্রথম আলোকে জানান, ঘটনাটি নিশ্চিত না হওয়ায় তাৎক্ষণিকভাবে হত্যা মামলা নেওয়া হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।