খুলনায় রেলওয়ের সদর দপ্তর স্থাপনের দাবিতে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনাকে নিয়ে একধরনের ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। এ কারণে সব ধরনের সুযোগ-সুবিধা থাকার পরও খুলনায় বাংলাদেশ রেলওয়ের দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তর স্থাপন করা হচ্ছে না। ফরিদপুর ও রাজবাড়ীতে সদর দপ্তর ও বিভাগীয় অফিস করা হলে অনুৎপাদন খাতে টাকা ব্যয় হবে। সেই সঙ্গে খুলনাকে করা হবে অর্থনৈতিকভাবে পঙ্গু।
খুলনায় রেলওয়ের দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তর স্থাপনের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে এসব কথা বলেছেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার খুলনা রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করে ‘বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন’ নামের সংগঠন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান খুলনা। খুলনা শিল্প ও বন্দরনগরী। এখানে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় অফিস রয়েছে। ইতিমধ্যে খুলনা রেলস্টেশনের আধুনিকায়ন ও বেনাপোল রেলস্টেশনের উন্নয়নকাজ চলছে। খুলনা থেকে কলকাতা, খুলনা-মোংলা, খুলনা-ঢাকা এবং বাংলাদেশের দীর্ঘতম রেলপথ খুলনা-চিলাহাটি ছাড়াও খুলনা রেলস্টেশনের পাশে সড়ক ও নদীপথ থাকায় বিভাগীয় সদর খুলনার গুরুত্ব অনেক বেশি। অথচ রেলওয়ে দক্ষিণাঞ্চলের সদর দপ্তর খুলনার পরিবর্তে ফরিদপুরে স্থাপন এবং বিভাগীয় অফিস রাজবাড়ী করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা খুলনাবাসীর জন্য অপ্রত্যাশিত ও বিভ্রান্তিকর। এটা খুলনাকে নিয়ে ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।
বক্তারা আরও বলেন, এই ষড়যন্ত্রের কোনো সুযোগ আর দেওয়া হবে না। এ জন্য খুলনার সামাজিক, রাজনৈতিক ও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে। বিভিন্ন সংগঠনের ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে হরতাল, অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন এবং পরিচালনা করেন মহাসচিব জি এম সজীব মোল্লা।