খুলনায় রেলস্টেশন অবরোধ কর্মসূচি পালিত
খুলনায় অবিলম্বে আধুনিক রেলস্টেশন নির্মাণ, খুলনা-দর্শনা ডবল লাইন নির্মাণ ও ঢাকা-খুলনা দ্রুতগামী আরও একটি ট্রেন সার্ভিস চালুর দাবিতে গতকাল শনিবার সকাল আটটা থেকে পৌনে ১০টা পর্যন্ত খুলনা রেলস্টেশনে অবরোধ কর্মসূচি পালিত হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই কর্মসূচি আহ্বান করে। খুলনায় গ্যাস সঞ্চালন লাইন স্থাপন, সকল ষড়যন্ত্র-দুর্নীতি প্রতিহত করে মাওয়ায় পদ্মা সেতু ও খুলনায় বিমানবন্দর নির্মাণসহ ১৩ দফা দাবিতে অবরোধ কর্মসূচিতে খুলনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। অবরোধের কারণে খুলনা-ঢাকা আন্তঃনগর চিত্রা ও খুলনা-পার্বতীপুর রকেট মেইল প্ল্যাটফর্মে আটকা পড়ে। একপর্যায়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাক্কাধাক্কি হলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় অবরোধকারীরা রেললাইনের ওপর শুয়ে প্রতিবাদ জানায়।পরে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক ও খুলনা সদর আসনের সাংসদ নগর বিএনপির সভাপতি নজরুল ইসলামের অনুরোধে ও যাত্রীসাধারণের কথা বিবেচনা করে সকাল নয়টা ৪০ মিনিটে অবরোধ কর্মসূচি শেষ করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে অবরোধ কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা বলেন, খুলনা শুধু অবহেলিত বঞ্চিতই নয়, একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে। অবরোধ সমাবেশে বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, সাংসদ নজরুল ইসলাম, উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, নাগরিক নেতা ফিরোজ আহমেদ, খুলনা চেম্বারের পরিচালক মোস্তফা কামাল, খুলনা বারের সাবেক সভাপতি আবদুল্লাহ হোসেন প্রমুখ।