খুলনায় র‌্যাবের অভিযানে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার নারায়ণখালী গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে গুলিবিদ্ধ হয়ে নাসির শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাগেরহাটের দশআনি এলাকার আবদুল রউফের ছেলে।র‌্যাব ও পুলিশের দাবি, নাসির সুন্দরবনের বনদস্যু নাসির বাহিনীর প্রধান। নাসির বাহিনী গত ২৭ জুন ৪০ জন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। এর পর থেকে জেলেদের উদ্ধার ও নাসিরকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়।র‌্যাব-৬ খুলনার উপপরিচালক মেজর মো. বদরুদ্দোজার ভাষ্যমতে, তিন থেকে চার দিন আগে র‌্যাব জানতে পারে, নাসির কয়েকজন সঙ্গী নিয়ে মুক্তিপণের টাকা আদায়ে বটিয়াঘাটা উপজেলায় অবস্থান নিয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে র‌্যাব সদস্যরা নারায়ণখালী এলাকায় নাসির ও তাঁর দলকে ঘিরে ফেলেন। টের পেয়ে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি ছোড়ে। কিছুক্ষণের মধ্যে নাসিরের সঙ্গীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় নাসিরকে উদ্ধার করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নাসিরকে মৃত ঘোষণা করেন। মেজর বদরুদ্দোজা জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, নিহত নাসিরের নামে একটি হত্যা মামলা, ডাকাতি, চাঁদাবাজিসহ অনেক অভিযোগ আছে।