খুলনায় লোনাপানিতে চিংড়ি চাষ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ লোনাপানির বাণিজ্যিক চিংড়ি চাষ চায় না। তারা কৃষিকাজ করতে চায়। কিন্তু চিংড়িঘেরের কতিপয় মালিক ও তাঁদের সহযোগীরা এলাকার অধিকাংশ মানুষের এই দাবি ও আদালতের রায় উপেক্ষা করে লোনাপানিতে কৃষিজমি প্লাবিত করছেন। খুলনা প্রেসক্লাবে গতকাল শুক্রবার দাকোপ নাগরিক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য বিশ্বজিত মল্লিক। এতে বলা হয়, দাকোপ, পাইকগাছা ও ডুমরিয়া উপজেলার বিভিন্ন স্লুইসগেট দিয়ে অবৈধভাবে লোনাপানি তোলা হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র কখনো রাতের আঁধারে, কখনো দিনের বেলা এই অপকর্ম করছে। চলতি মাসের শুরুর দিকে দাকোপের ৩১ নম্বর পোল্ডারের ছয়টি স্লুইস গেটের পাটা তুলে দেওয়ায় উপজেলার গড়খালী, মোজারনগর, কামিনীবাসিয়াসহ বিভিন্ন গ্রাম লোনাপানিতে প্লাবিত হয়েছে। পাইকগাছা উপজেলার ২০ নম্বর পোল্ডারের ৫ ও ৬ নম্বর গেট খুলে দেওয়ায় চক্রী দিঘলিয়া, জোকারহোলা, গোয়াছোবা, রেখামারী, আশাননগর এবং মধুখালী গ্রাম লোনাপানিতে প্লাবিত হয়েছে। ডুমুরিয়া উপজেলার ২৯ নম্বর পোল্ডারের মাগুরখালী ইউনিয়নের কাঁঠালিয়া ও সাহস ইউনিয়নের বড়বলিসহ বেশ কিছু এলাকায় প্রভাবশালীরা অবৈধভাবে গেটের পাটা তুলে দিয়ে লোনাপানি তুলেছে। এর ফলে এলাকার কৃষিকাজ বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে আদালতের রায় অমান্যকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, তাঁদের দাবি না মানা হলে, এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচি হাতে নেবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, অধ্যক্ষ অচিন্ত কুমার মণ্ডল, আইনজীবী এম এ রুহুল আমিন প্রমুখ।