ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদ। শিক্ষকেরা এ ধরনের পরিস্থিতি এড়াতে জাতীয় মৌলবাদ নির্মূল কমিশন গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছেন।
গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অনির্বাণ মোস্তফা এতে সভাপতিত্ব করেন। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধন থেকে সরকারের কাছে পেশ করা ১১ দফা দাবি হলো জাতীয় মৌলবাদ নির্মূল কমিশন গঠন; রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ অবস্থান ফিরিয়ে আনতে বাহাত্তরের সংবিধানকে অবিকৃত অবস্থায় পুনঃস্থাপন; ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা; বিশ্ববিদ্যালয়সহ সব বিদ্যাপীঠে ধর্ম-বর্ণ-ভাষা-লিঙ্গবৈষম্যের ভিত্তিতে পরিচালিত সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করা; শিক্ষাব্যবস্থার সব ধরন ও স্তরে অভিন্ন শিক্ষানীতি চালু; শিক্ষা ও গবেষণা কার্যক্রমে উদ্ভাবনমূলক মৌলিক চিন্তার স্ফুরণ, বিজ্ঞানমনস্ক চিন্তার প্রকাশ ও বাঙালি সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত করা; সব নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা; সব মানুষের স্বধর্ম পালন ও ভাবাদর্শচর্চার নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা; প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ সবখানে বাংলার আবহমান লোকসংস্কৃতিচর্চার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা; মৌলবাদীদের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত রাষ্ট্রীয় কার্যক্রম ও গণমাধ্যমে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারসহ সব ধরনের অংশগ্রহণ বন্ধ করা এবং ধর্মীয় অনুষ্ঠানের নামে বাংলার চিরায়ত সংস্কৃতি, নারী ও ভিন্ন ধর্মের বিরুদ্ধে সব অপপ্রচার রোধে আইন প্রণয়ন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম মূল বিষয় ছিল অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। এ জন্য সব ধর্ম ও বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল। কিন্তু আজ সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আহমেদ আহসানুজ্জামান, সাধারণ সম্পাদক সারওয়ার জাহান প্রমুখ।