খুলনায় শেষ হলো বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো না থাকলেই জ্বলে উঠবে, আবার আলো পেলেই সঙ্গে সঙ্গে তা নিভে যাবে—স্বয়ংক্রিয় এই সড়কবাতির প্রকল্প দেখাল তরুণ উদ্ভাবকেরা। ভূমিকম্প শুরু হলেই সতর্ক সংকেত বেজে ওঠার পদ্ধতিসহ জাতীয় ও বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানের উপায় দেখাল তারা।
গতকাল শুক্রবার খুলনা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। খুলনা বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ভাবনাগুলো তুলে ধরে। এর মধ্যে আরও রয়েছে পুকুরে ভাসমান পদ্ধতিতে খাঁচায় কাঁকড়া চাষ, জৈব বালাইনাশক ব্যবহার করে কৃষি ও জনগণের জন্য প্রয়োজনীয় নানা ডিজিটাল সুবিধার নমুনা।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহায়তায় বিভাগীয় প্রশাসন তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।
বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম ও এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনিসুর রহমান। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে ৫৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। আইসিটি ব্যবহার ও উদ্ভাবন চর্চায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক পদক পান কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান (কর্মক্ষেত্র সাতক্ষীরা) ও যশোর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর।