খুলনায় সদর দপ্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের দক্ষিণাঞ্চল সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছে খুলনার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
এর আগে এই দাবিতে খুলনার বিভিন্ন সংগঠন সংবাদ সম্মেলন, মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।
গতকাল স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগ সভাপতি মো. সাইফুল ইসলাম, উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান ও আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম দাউদ আলী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিভাগীয় শহর ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবস্থান বিবেচনা করে দক্ষিণাঞ্চল রেলওয়ের সদর দপ্তর খুলনাতেই হওয়ার দাবি রাখে। খুলনায় সদর দপ্তর হলে রেলওয়ের দক্ষিণাঞ্চলের প্রশাসনিক কাজ অনেক সহজ হবে। তা ছাড়া খুলনা ও এর আশপাশের বিভিন্ন এলাকা ও বন্দর উন্নয়নের কাজ চলছে। এর ফলে সদর দপ্তর খুলনায় হলে রেলওয়েরই সুবিধা হবে।
দাবি দাওয়ার বিষয়ে স্মারকলিপিতে আরও বলা হয়, খুলনা রেলস্টেশনের পাশেই রয়েছে নৌপথ ও সড়ক পথে মালামাল আনা-নেওয়ার সুব্যবস্থা। তা ছাড়া স্টেশনকেও করা হচ্ছে আধুনিক। এসব কাজ দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তর স্থাপনকে এক ধাপ এগিয়ে রাখবে।