খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খানজাহান আলী থানার আটরা গিলেতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনজেল শিকদার (৩৫) গত রোববার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।পুলিশ ও পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, আটরা গিলেতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনজেল শিকদার রোববার রাত সোয়া ১০টার দিকে বিহারি কলোনির পাশ দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে মনজেল শিকদারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।মনজেল শিকদারের চাচা শ্বশুর মুনসুর খান বলেন, ‘আমাদের জামাই এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। সন্ত্রাসীরা কেন যে তাঁকে মারল, তা বুঝতে পারছি না।’ মনজেলের স্ত্রী জ্যোৎস্না বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘সে ভালো হয়ে বাঁচতে চেয়েছিল। জনগণের সেবা করতে চেয়েছিল। কিন্তু তাকে সন্ত্রাসীরা বাঁচতে দিল না।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ বছর আগে মনজেল শিকদার একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। পূর্ববিরোধের জের ধরে সেই সংগঠনের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।আটরা গিলেতলা ইউপির চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, মনজেল শিকদার অনেক জনপ্রিয় ছিলেন। এই জনপ্রিয়তার কারণে এবং চরমপন্থী সংগঠনের সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরে তিনি খুন হয়ে থাকতে পারেন।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মনজেলের বাবা হারেস শিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় কেউ গ্রেপ্তার না হলেও হাবিবুর রহমান (৫০) ও খায়রুল আলম (৫২) নামের দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।