খুলনায় সব সাংসদদের নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমপি সাহেব নিরপেক্ষ থাকুন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাখুন। সাধারণ মানুষকে শান্তিতে ভোটকেন্দ্রে যেতে দিন।’ খুলনার দাকোপ উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এমনই দাবি জানিয়েছেন।কৈলাসগঞ্জ ইউপির প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত দেবব্রত বিশ্বাস, কুমারেশ মণ্ডল, মিহির মণ্ডল, শিবেন্দ্র প্রসাদ, নারায়ণ চন্দ্র রায়, বিএনপি-সমর্থিত জাহাঙ্গীর আলম গাজী, ওয়ার্কার্স পাটির গৌরাঙ্গ প্রসাদ। কুমারেশ স্থানীয় সাংসদ ননীগোপাল মণ্ডলের সহোদর।ছয়জন প্রার্থী শুক্রবার সকালে বৈঠক করে স্থানীয় সাংসদের তৎপরতার প্রতিবাদ জানান। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় সাংসদ পরোক্ষভাবে তাঁর ভাইয়ের পক্ষে ভোট চাইছেন। প্রায় ১৫ দিন ধরে এলাকায় আছেন। এ কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংসদের হস্তক্ষেপ বন্ধ না হলে পরিস্থিতি সহিংসতার দিকে এগোবে। চেয়ারম্যান পদপ্রার্থী দেবব্রত বিশ্বাস ক্ষোভের সঙ্গে বলেন, ‘কৈলাসগঞ্জ সাংসদের নিজের ইউনিয়ন। প্রার্থীদের একজন তাঁর আপন ভাই, আরেকজন মামাতো ভাই। টাকার ছড়াছড়ির পাশাপাশি সাংসদ বাড়ি বাড়ি গিয়ে ভাইয়ের পক্ষে কাজ করছেন। তিনি বেশির ভাগ সময় এলাকায় থাকেন।’আরেক প্রার্থী্রগৌরাঙ্গ প্রসাদ অভিযোগ করেন, এলাকার সাংসদের প্রভাব দেখিয়ে কুমারেশ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। তিনি পথসভার নামে জনসভা করছেন। একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। নিয়মবহির্ভূতভাবে আপ্যায়ন করছেন। দেয়ালে আঠা দিয়ে পোস্টার লাগাচ্ছেন। অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছেন।জানা গেছে, দাকোপ, বটিয়াঘাটা ও পাইকগাছার ১৯টি ইউনিয়নের প্রায় সবগুলোতে স্থানীয় সাংসদের পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। তাঁদের মধ্যে দাকোপের বিনয়কৃষ্ণ রায়, লাউডোবের সরজিত রায়, বানিয়াশান্তার শুধাংশু বৈদ্য, বাজুয়ার রঘুনাথ রায়, কৈলাসগঞ্জের কুমারেশ মণ্ডলের নাম উল্লেখযোগ্য। দলীয় লোকজনকে তাঁদের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নলিনী হালদার বলেন, ‘আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী রঘুনাথ রায়ের পক্ষে কাজ করতে বলা হয়েছে। তিনিই আমাদের দলের প্রার্থী।’ দাকোপ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও দাকোপ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিনয় কৃষ্ণ বলেন, ‘সব ইউনিয়নে সাংসদ প্রার্থী ঠিক করে দিয়েছেন কি না, জানি না। তবে বাজুয়ায় রঘুনাথ ও কৈলাসগঞ্জে কুমারেশ তাঁর প্রার্থী।’সাংসদ ননীগোপাল প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি কারও পক্ষে ভোট চাইনি। আমাদের লোক থাকলেও কাউকে সমর্থন দিইনি। শুধু দূর থেকে সমর্থন দিই। পরোক্ষ সমর্থনে নিজেদের কেউ জয়ী হলে তাতে দোষের কিছু দেখি না। আমি তো এলাকায়ই থাকি। গ্রামে বাড়ি বলে গ্রামেই থাকতে হয়।’এ ছাড়া খুলনায় অন্যান্য ইউনিয়নেও পছন্দের প্রার্থীদের পক্ষে নেমেছেন সাংসদেরা। এভাবে বেশির ভাগ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। তাঁদের কেউ সাংসদ, আবার কেউ প্রতিপক্ষের সমর্থন পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।