খুলনায় সময় টিভির কার্যালয়ে চুরি
খুলনা মহানগরের মৌলভীপাড়ায় সময় টেলিভিশনের স্থানীয় কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা টেলিভিশনের সরাসরি সম্প্রচারযন্ত্র, কম্পিউটারসহ প্রায় নয় লাখ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।চুরির ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সে রাতেই চারজনকে আটক করেছে। টেলিভিশন চ্যানেলটির খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করেছেন। গতকাল শনিবার র্যাব, পুলিশ, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তরিকুল ইসলাম প্রথম আলোকে জানান, শুক্রবার রাত আটটার পর তিনি কার্যালয় ত্যাগ করেন। সোয়া ১১টার দিকে কার্যালয়টির ভবন ‘নাসির গার্ডেন’-এর বাসিন্দাদের ফোন পেয়ে ফিরে এসে দেখেন তালা ভাঙা, তবে দরজা বন্ধ। দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, প্রায় নয় লাখ টাকার বিভিন্ন মালামাল খোয়া গেছে। কার্যালয়টি ভবনের চার তলায় অবস্থিত। একই ভবনের তৃতীয় তলায়ও চুরি হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।