খুলনায় সরকারি চুক্তি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
সরকারি কর্মসম্পাদন চুক্তি ব্যবস্থাপনা-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। খুলনা থেকে মাঠপর্যায়ের এ প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়িত হবে।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ঢাকার সহযোগিতায় মন্ত্রিপরিষদ বিভাগ ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও প্রশিক্ষণ) এন এম জিয়াউল আলম।
প্রধান অতিথির বক্তৃতায় জিয়াউল আলম বলেন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহি, দায়বদ্ধতা বাড়ানোসহ রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সরকারের তরফ থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রবর্তন করা হয়েছে। এপিএ মূলত সরকারি কার্যক্রমে গতি আনতে কর্মকর্তাদের বাস্তবায়িত কার্যক্রমের মূল্যায়ন।
প্রশিক্ষণপর্বে সচিব এপিএ চুক্তির কাঠামো, সময় ব্যবস্থাপনা ও চুক্তি সম্পাদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে মন্ত্রণালয়ের সঙ্গে সরকারের বিভিন্ন বিভাগের চুক্তি হয়। ২০১৬-১৭ অর্থবছরে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ছাড়াও বিভাগীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের দপ্তরগুলোকে এপিএ চুক্তির আওতায় আনা হয়েছে।