খুলনায় সাত জয়িতাকে সম্মাননা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে খুলনার সাতজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজন জেলা পর্যায়ে ও সিটি করপোরেশন এলাকার দুজন । গতকাল সোমবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।
জেলা পর্যায়ের পাঁচজন জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে দিঘলিয়া উপজেলার হাসনা তারা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রূপসা উপজেলার নাছিমা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে ফুলতলার রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা দিঘলিয়ার বিলকিস আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দাকোপ উপজেলার চম্পা মণ্ডল। আর সিটি করপোরেশন থেকে সফল জননী ক্যাটাগরিতে খালিশপুরের ফাতেমা খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বিন্দু রানী শর্মা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনার তথ্য কার্যালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অলোকা নন্দা দাস, সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান প্রমুখ।