খুলনায় সাত সবজি বিক্রেতাকে জরিমানা
রসিদ প্রদান না করা, ডিজিটাল ওজনমাপক যন্ত্র ব্যবহার না করা ও পণ্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে সকালে নগরের দৌলতপুরের জিলানী পাইকারি কাঁচাবাজারে পণ্যমূল্য পর্যবেক্ষণ ও মনিটরিং করা অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে ও দৌলতপুর থানা-পুলিশের সহযোগিতায় পণ্যমূল্য মনিটরিং করার সময় কেসিসির বাজার তত্ত্বাবধায়ক গাজী সালাউদ্দিন, ওই কাঁচাবাজারের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে সাতজন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
কেসিসির বাজার তত্ত্বাবধায়ক গাজী সালাউদ্দিন বলেন, পাইকারি বাজারের ব্যবসায়ীরা রসিদ না দেওয়ায় খুচরা ব্যবসায়ীরা পণ্যের দাম দ্বিগুণ করে বিক্রি করেন। সোনাডাঙ্গার পাইকারি বাজারের ব্যবসায়ীরা পণ্য রসিদ দিলেও দৌলতপুরের ওই বাজারটি শহরের বাইরে হওয়ায় তাঁরা রসিদ দেন না। তাই ওই বাজারে অভিযান চালানো হয়েছে। আর ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিদিনই কেসিসির এ অভিযান চলবে বলে তিনি জানান।
আজ প্রথম আলোতে ‘খুলনার কাঁচাবাজার, পাইকারির চেয়ে খুচরায় দ্বিগুণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দেখা যায়, পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য দ্বিগুণের বেশি।