খুলনায় সাড়ে ৫১ কোটি টাকার কর অনাদায়ি
খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) বকেয়া হোল্ডিং ট্যাক্সের পরিমাণ ৫১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। গত কয়েক বছরে সিটি করপোরেশনের ৬২ হাজার ৬০০ হোল্ডিংয়ের কাছে ওই পরিমাণের ট্যাক্স বকেয়া পড়েছে। এতে আর্থিক অনটন মারাত্মক আকার ধারণ করায় কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সময়মতো দেওয়া যাচ্ছে না এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, কেসিসির মোট বকেয়া হোল্ডিং ট্যাক্সের মধ্যে ১২ কোটি ৫০ লাখ টাকা হালসনের (বর্তমান বছরের) এবং বাকি ৩৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার আগের বছরগুলোর বকেয়া দাবি। বিভিন্ন সময় এই বিশাল অঙ্কের টাকা আদায় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে কেসিসির রাজস্ব শাখা। কেসিসি সূত্রে জানা গেছে, নগরীর ১১টি প্রতিষ্ঠানের কাছে প্রায় ১৭ কোটি ৫৬ লাখ ১০ হাজার ৪৪১ টাকার হোল্ডিং ট্যাক্স বকেয়া পড়েছে। এর মধ্যে একটি সরকারি প্রতিষ্ঠান ও একটি আধা সরকারি প্রতিষ্ঠানের কাছেই বকেয়া রয়েছে ১১ কোটি ৩০ লাখ ৪৮ হাজার ৬১৭ টাকা। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের কাছে পাঁচ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ৬১৭ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছে পাঁচ কোটি ৭৫ লাখ টাকা বকেয়া পড়েছে।কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বকেয়া ট্যাক্স আদায়ের জন্য আমরা কেসিসির পক্ষ থেকে সম্ভব সবকিছুই করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বকেয়া টাকা পরিশোধের জন্য বলা হয়েছে। এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলো থেকে বকেয়া টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও জানানো হয়েছে।’