খুলনায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়।

গতকাল শনিবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সারাফাত আলী ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারীর মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জামাল হোসেন তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির জন্য নানা কর্মসূচি দিয়েছি। কিন্তু সরকার তা আমলে আনেনি। তাই বাধ্য হয়ে হরতাল দিতে হচ্ছে। আগামীকালের হরতালে যদি সরকার দমন-পীড়ন চালায়, তা হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’