খুলনায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। পূর্ববিরোধের জের ধরে নগরের খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবলী জুট মিলের মাঠে গত রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম বাপ্পী (১৬)। সে খালিশপুর হাউজিং এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল মান্নান। বাপ্পী প্লাটিনাম জুবলী জুট মিল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।এ ঘটনায় মামলা হয়েছে এবং একই এলাকার রবি (২২), নজরুল (২২) ও আনোয়ার (১৬) নামের তিনজনকে পুলিশকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার বিকেলে বাপ্পীর সঙ্গে তার কয়েকজন বন্ধুর কথা-কাটাকাটি হয়। রাত ১০টার দিকে সে ও তার বন্ধু রাজু প্লাটিনাম জুবলী জুট মিলের মাঠে বসে গল্প করছিল। এ সময় চার যুবক তাদের ঘিরে ধরে। তারা লাঠিসোটা ও হকিস্টিক দিয়ে বাপ্পীকে বেদম মারপিট করতে থাকে। বাপ্পীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) প্রবীর কুমার বিশ্বাস স্কুলছাত্র খুন হওয়া ও তিনজন গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।