খুলনায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা
খুলনা নগরের খালিশপুর শিল্পাঞ্চলে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মওলানা ভাসানী বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী ফাতেমা আকতার ওরফে মৌকে (১৬) গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়িতে হত্যা করা হয়।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৌয়ের বাবা খালিশপুর জুট মিলের শ্রমিক জয়নাল আবেদিন। তিনি নতুন কলোনি বঙ্গবাসী মোড়ের ভাড়া বাসা থেকে বিকেলে ছেলে লিমনকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে যান। সন্ধ্যার দিকে মৌয়ের ফুফু রুমি বেগম ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢোকেন। তখন মৌকে খাটের সঙ্গে হাত-পা বেঁধে মুখে গামছা পেঁচিয়ে গলা কেটে হত্যা করা অবস্থায় দেখে পুলিশসহ সবাইকে খবর দেন।মৌয়ের বাবা জয়নাল আবেদিন বলেন, ‘ওর সৎমায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মৌ সেই মামলার প্রধান সাক্ষী। তাই তারা মৌকে হত্যা করতে পারে।’খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৌয়ের বাবা জয়নাল আবেদিন, তার মামা মুজিবর রহমান ও মামি মনিরা বেগমকে থানায় আনা হয়েছে।’পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের সময় রক্তমাখা দা, কুড়াল ও ছুরি উদ্ধার করেছে। রুমি বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।