খুলনায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলা থেকে তারা সরদার (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাতটার দিকে উপজেলার গোয়ালপাড়া গ্রামের কালভার্টের পাশের ধানখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তারা সরদার উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল ও পূর্ব সেনহাটি গ্রামের আফজাল সরদারের ছেলে।নিহত স্কুলছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল চারটায় দুপুরের খাবার খেয়ে তারা সরদার মোটরসাইকেল নিয়ে উপজেলার উত্তর চন্দ্রনী মহলের দিকে রওনা দেয়। রাতে সে আর ফিরে আসেনি। সকালে এলাকাবাসীর কাছে একটি লাশ পাওয়ার খবর শুনে বড় ভাই জামাল সরদার সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। তারা সরদারের ফুফাতো ভাই শরিফুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় তার বন্ধু রুবেলকে নিয়ে উত্তর চন্দ্রনী মহলের দিকে যায়। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।