খুলনায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেপ্তার
খুলনার রূপসায় গত মঙ্গলবার সাথী বেগম (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী জামাল শেখকে (২৭) গ্রেপ্তার করেছে। জামাল শেখ উপজেলার আইচগাতি ইউনিয়নের দেয়াড়া গ্রামের ইউনুস শেখের ছেলে।
একই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রতিপক্ষের লোকজনের ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারী আহত হওয়ার পর হাসপাতালে মৃত সন্তান প্রসব করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুই মাস আগে রূপসার দেয়াড়া গ্রামের জামাল শেখের সঙ্গে গোপালগঞ্জের মেয়ে সাথীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাল যৌতুকের জন্য সাথীকে মারধর করতেন। মঙ্গলবার রাতে জামাল বাড়ি ফিরে ভ্যান চালিয়ে উপার্জিত টাকা বিছানার ওপর রাখেন। ওই টাকা স্ত্রী সরিয়ে রাখায় দুজনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে জামাল সাথীর গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, যৌতুক নিয়ে জামাল প্রায়ই সাথীকে মারধর করতেন। মঙ্গবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে সাথীর গলা চেপে ধরলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রূপসা থানায় হত্যা মামলা হয়েছে।
এদিকে দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নের গোয়াল গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রতন আলী বেলা দেড়টার দিকে স্থানীয় বাজার থেকে বাইসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের হেলাল উদ্দীনসহ আট-নয়জন তাঁর গতিরোধ করে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে রতনের বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালান তাঁরা। এ সময় হামলকারীরা রতনের চাচা হাসান আলীকে মারধর এবং রতনের নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পারভীন খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আহত অবস্থায় তাঁরা বাড়ি ফিরে যান। সন্ধ্যার দিকে প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন পারভীনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজিম উদ্দীন বলেন, পেটে ব্যথা নিয়ে পারভীন খাতুন হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত আটটার দিকে মৃত শিশু প্রসব করেন। তবে আঘাতজনিত বা স্বাভাবিক উভয় কারণেই মৃত শিশু ভূমিষ্ঠ হতে পারে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পারভীন খাতুন বাড়ি চলে গেছেন।
দৌলতপুর থানার এসআই আরিফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।