খুলনায় স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোজাহারুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা। ছবিটি খুলানার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি থেকে গতকাল তোলা l প্রথম আলো
মোজাহারুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা। ছবিটি খুলানার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি থেকে গতকাল তোলা l প্রথম আলো

শিক্ষাজগতের মধ্যেই বেঁচে থাকবেন শিক্ষাবিদ মোজাহারুল ইসলাম। বিজ্ঞানচর্চার ইতিহাসে তাঁর নাম আলো ছড়াবে চিরকাল। তাঁর ব্যবহৃত কম্পিউটারটি বাংলাদেশের প্রথম কম্পিউটার, যা এখন জাদুঘরে রক্ষিত।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক মোজাহারুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এসব কথা বলেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাঁর উপার্জিত অর্থে খুলনা বিশ্ববিদ্যালয়ে শার্লী ইসলাম গ্রন্থাগার স্থাপন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি দেওয়াসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে মোজাহারুল ইসলামের অবদানের কথা তুলে ধরেন আবদুস সামাদ।
মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশন এবং খুলনা সাহিত্য পরিষদের উদ্যোগে গতকাল শনিবার খুলনার উমেশ চন্দ্র গণগ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুলনার ১২টি বিদ্যালয় ও মাদ্রাসার দশম শ্রেণির ১২ জন মেধাবী, সম্ভাবনাময় ও অপেক্ষাকৃত অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
এতে ‘আমাদের ইতিহাসের আলোকে দেশপ্রেম’ শীর্ষক মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতায় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী বলেন, ‘যেকোনো সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোও দেশপ্রেম, আবার বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করাও দেশপ্রেম। বিভিন্ন সময়ের ইতিহাস থেকে আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা নিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোজাহারুল ইসলামের ভাই এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান ও খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ জাফর ইমাম। সভাপতিত্ব করেন খুলনা সাহিত্য পরিষদের সভাপতি আইনজীবী আবদুল্লাহ হোসেন।