খুলনায় স্মার্টকার্ড বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রথম দিন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান ও সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্মার্টকার্ড দেওয়া হয়। ২০ জুলাই থেকে নগরের ৩১টি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহবুব হাকিম।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের সময় কোন জাতীয় সরকার থাকবে এটা নির্বাচন কমিশনের অধিভুক্ত নয়। যে জাতীয় সরকারই ক্ষমতায় থাকুক না কেন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব ক্ষমতা প্রয়োগ করবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। এ জন্য সব দলের সঙ্গে সংলাপের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশনের ওপর সবার আস্থা আরও দৃঢ় হবে।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কবিতা খানম বলেন, ‘আগামী নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া হয়েছে। ওই রোডম্যাপ অনুযায়ীই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’ প্রথম থেকেই তাঁদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো পর্যালোচনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। ভোটাররা যাতে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, কমিশন সেই চেষ্টা করবে।’

বাংলাদেশে যে স্মার্টকার্ড চালু করা হচ্ছে তাতে বর্তমান বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান কবিতা খানম। লেমিনেটিং কার্ডে যাদের ভুল আছে, স্মার্টকার্ড নেওয়ার আগে ভালো করে ভুলগুলো যাচাই-বাছাই করে নিতে অনুরোধ করেন তিনি।

মোখলেছুর রহমান বলেন, প্রথম পর্যায়ে ১১টি সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ করা হবে। এরপর তালিকানুযায়ী ১ নম্বর নির্বাচনী এলাকা থেকে কার্ড বিতরণ শুরু হবে। লেমিনেটেড কার্ডে জালিয়াতি করা সম্ভব কিন্তু স্মার্টকার্ডে তা সম্ভব নয়।