খুলনায় সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেত্রী নিহত
খুলনা নগরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের একজন নেত্রী নিহত এবং তাঁর ছেলে ও স্বামী আহত হয়েছেন। নগরের সোসাইটি সিনেমা হলের সামনের সড়কে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।নিহতের নাম সাথী চৌধুরী (২৮)। তিনি খুলনা সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সমবায় সম্পাদিকা। আহতেরা হলেন: তাঁর স্বামী কামাল হোসেন (৩৬) ও তাঁদের ছোট ছেলে শামিম (এক বছর ৯ মাস)। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন আজাদ জানান, গত সোমবার রাত নয়টার দিকে চিকিৎসকের চেম্বার থেকে বের হয়ে রিকশাযোগে নগরের নতুন বাজার এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন সাথী, কামাল হোসেন ও তাঁদের ছোট ছেলে। সোসাইটি সিনেমা হলের সামনের মোড়ে এলে একটি প্রাইভেট কার রিকশার পেছনে জোরে ধাক্কা দেয়। এতে তিনজনই রিকশা থেকে রাস্তায় পড়ে যান। এ সময় আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সাথীকে মৃত ঘোষণা করেন। সাথীর ছোট ছেলেকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি আরও জানান, প্রাইভেট কারের চালক ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ নগরের ৭ নম্বর গগন বাবু রোডের ব্যবসায়ী অহিদুজ্জামান খানের বাড়ির গ্যারেজ থেকে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের স্বামী মামলা করতে আগ্রহী নয় বলে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। মধুখালীতে নারী শ্রমিক নিহতআমাদের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার পরীক্ষিতপুর গ্রামে অবস্থিত আলতুখান জুটমিলে যাওয়ার পথে ভানু বিবি (৬০) নামের একজন নারী শ্রমিক গাড়ির ধাক্কায় নিহত হন। তাঁর বাড়ি উপজেলার বনমালিদিয়া গ্রামে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।